পাঁচবিবিতে মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে মানববন্ধন
মোঃইমরুল কায়েস জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সিধইল আমিনিয়া মহব্বতিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন অভিভাবক ও স্থানীয়রা।
বুধবার (১৪ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় অভিভাবক, দাতা সদস্য ও গ্রামবাসীর সঙ্গে আলোচনা না করেই গোপনে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে কমিটি গঠনের প্রস্তাব বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে প্রতিষ্ঠানের অভিভাবক সবুর হোসেন বলেন, আমার সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে। অথচ প্রতিষ্ঠানের সদস্য ও অভিভাবকদের না জানিয়ে গোপনে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।
আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, আবু হেনা মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট নন। গ্রামবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সভাপতি পদে নাম প্রস্তাব করার কথা থাকলেও তা করা হয়নি। হঠাৎ করেই একজনকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মাদ্রাসার দাতা সদস্যের নাতি আব্দুল হামিদ বলেন, দীর্ঘদিন ধরে সুপারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অথচ নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করা হয়নি। গ্রামের বাইরের একজনকে সভাপতি করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দারা মেনে নিতে পারছেন না। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার বলেন, সরকারি বিধিমালা অনুসরণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি। গত ১২ তারিখে কমিটিটি অনুমোদিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র নয়, বরং স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কমিটি গঠনের বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.