পঞ্চগড়ে রাতের আঁধারে শিয়ালের আক্রমণ, আহত ৭, এলাকায় চরম আতঙ্ক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২৫ আগস্ট, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে হঠাৎ শিয়ালের পৃথক হামলায় নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক কামড়ের ক্ষত সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা এবং দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এসব আক্রমণের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০); যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ভুক্তভোগীরা নিজ নিজ এলাকার সড়কের পাশে অবস্থান করছিলেন কিংবা আড্ডা দিচ্ছিলেন। এ সময় লোকালয়ে লুকিয়ে থাকা শিয়াল হঠাৎ হিংস্র হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হন তারা।
ঘটনার পরপরই আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, "শিয়ালের আক্রমণে আহত হয়ে রাতে সাতজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীদের শরীরের ক্ষতের তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় রেবিস ভ্যাকসিন ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।"
এদিকে, লোকালয়ে একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। রাতে একা চলাফেরা করতে ভয় পাচ্ছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষিপ্ত শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.