পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম
রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। রেজা পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন এবং রাজনগরের নিজ বাড়িতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন।
পরিবারের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক বিষয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুরো এলাকা ঘিরে ফেলে (ক্রাইম সিন সিকিউর করে)। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, "সকাল আনুমানিক ৭টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকাটি নিরাপদ করে। সিআইডির ফরেনসিক টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ সম্ভাব্য সব দিক বিবেচনা করে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুতই এই মৃত্যুর প্রকৃত কারণ বের করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.