পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
৪ সেপ্টেম্বর,২০২৬
পঞ্চগড়ে পুরাতন কাপড়ের বস্তায় বিশেষ কৌশলে লুকিয়ে ১২ কেজি গাঁজা পাচারের সময় হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হৃদয় ইসলাম ও মহেন রায় পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে ঠাকুরগাঁও থেকে একটি মোটরসাইকেলে করে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে গাঁজার একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে পুলিশ তা থামায় এবং চালক হৃদয় ইসলাম ও পেছনে থাকা মহেন রায়কে আটক করে।
পরে তাঁদের মোটরসাইকেলে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। বস্তাটির ভেতরে পুরাতন কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোঁটলা পাওয়া যায়। পোঁটলাগুলো খুলে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.