নীলফামারীতে আন্তজেলা বাইকচোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুরের চৌমুহনী বাজার এবং কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাব্বির হোসেন (২৬) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে চৌমুহনী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চৌমুহনী বাজার সেতুর সামনে থেকে সাব্বির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সাব্বিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন মতির মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদকে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাজাজ পালসার, বাজাজ ডিসকভার এবং হোন্ডা হর্নেট ব্র্যান্ডের তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন মোটরসাইকেল চুরি এবং চোরাই বাইক কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাব্বিরের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো বিভিন্ন সময়ে পার্বতীপুর, ফুলবাড়ী ও দিনাজপুর শহর থেকে চুরি করা হয়েছিল।
ওসি আরও জানান, এই চোর চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। সৈয়দপুর এলাকায় মোটরসাইকেল চুরি রোধ ও চোরাই যানবাহন উদ্ধারে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.