( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তেরখাদা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের প্রতিটি সিদ্ধান্ত, আচরণ ও ভাষাই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করে। নির্বাচনের দিন তারা রাষ্ট্রের সরাসরি প্রতিনিধি হিসেবে জনগণের সামনে থাকবেন। তাই দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ভয় বা প্রভাব নয়, বরং দায়িত্ববোধ ও পেশাদারিত্ব দিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত থাকবে। প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়েই একটি শান্তিপূর্ণ ভোট আয়োজন সম্ভব হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল সামাদ। তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের সঠিক প্রস্তুতি ও প্রশিক্ষণই একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি গড়ে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা
প্রশিক্ষণে নির্বাচনী আইন, ভোটগ্রহণ পদ্ধতি, কেন্দ্র পরিচালনা, আচরণবিধি, দায়িত্ব পালনের কৌশল এবং নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.