নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
নাশকতা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি দিনাজপুরের পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১৩-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নীলফামারীর সৈয়দপুর শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সৈয়দপুরের চাঁদনগর মহল্লার ভাসানী রোডস্থ 'হাসিনা মঞ্জিল' নামের একটি ভবনের পঞ্চম তলা থেকে মেঘলাকে আটক করা হয়। আটককৃত মেঘলা পার্বতীপুর উপজেলার বাবুপাড়া এলাকার প্রয়াত ডিএম মাসুদুর রহমানের কন্যা।
মামলার নথি ও সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হন কয়েকশ মানুষ। ওই বহরে মামলার বাদী মুন্নি সরকার ও তার ছেলে আবির নবী দোয়াদসহ প্রায় ৪০০ বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতপরিচয় ৬০-৭০ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের ভয়ভীতি দেখান এবং একপর্যায়ে হামলা চালান। এতে বাদী ও তার ছেলে জখম হন।
এজাহারে আরও বলা হয়েছে, হামলার ঘটনার ঘণ্টাখানেক পর, অর্থাৎ ওই দিন দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা বাদীর বাসভবনে হানা দেন। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী পার্বতীপুর থানায় মামলা রুজু করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ধরা পড়া এই নেত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করেছে এসআরবি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.