নাগেশ্বরী সীমান্তে পিস্তল-গুলিসহ সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির দাবি, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।
শনিবার আনুমানিক রাত ২টা ৪০ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তের পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে রামখানা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়।
পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান পরিচালনার সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবি জানায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নাগেশ্বরী থানায় জমা দেওয়া হয়েছে। সন্দেহজনক ‘ক্রিস্টাল মেথ আইস’ পরীক্ষার জন্য নমুনা সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর উদ্ধার হওয়া পদার্থটি প্রকৃতপক্ষে ক্রিস্টাল মেথ ‘আইস’ কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, উদ্ধার করা পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ ‘আইস’ কি না, তা ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.