ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি:
'দৈনিক বাংলার সংবাদ,
সুনামগঞ্জের ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটিতে কাজ করার সময় নিচে পড়ে নাঈম (২১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম নাটোর জেলার নলডাঙ্গা থানার বট্রপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাকিয়াম গ্রামের পাশে নির্মাণাধীন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটিতে উঠে তার টানানোর কাজ করছিলেন নাঈম। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি টাওয়ার থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.