দিনাজপুরে সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২ আগস্ট, ২০২৬
দিনাজপুরে সন্তান দেখার অযুহাতে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)। তিনি সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং দুই সন্তানের জননী। আটক ব্যক্তি মাহবুবুর রহমান (৫০) রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে স্বামী মাহবুবুর রহমানের সঙ্গে শ্যামলীর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। শনিবার রাতে সন্তানদের দেখার কথা বলে সাবেক স্ত্রী শ্যামলীর বাড়িতে যান মাহবুবুর। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
শ্যামলীর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এলে মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ শ্যামলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রংপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভোর ৪টার দিকে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বিরল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক মাহবুবুর রহমানকে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পেট্রোলের বোতল এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
নিহত শ্যামলীর নানি মোমিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে মারার চেষ্টা করেছিল লোকটা। তাতে ব্যর্থ হয়ে শেষে ওর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, “অভিযুক্ত হামলাকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.