দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
২৭ আগস্ট, ২০২৬
পরিবহন শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কোতোয়ালি থানাসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে থানা প্রাঙ্গণে পুলিশ ও স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে বাদশার সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৎক্ষণাৎ উদ্যোগ নিলেও এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের একটি মামলায় অভিযুক্ত হিসেবে গতকাল বুধবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শেখ বাদশাকে গ্রেপ্তার করে। এই খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গাসহ শহরের প্রধান প্রবেশপথগুলোতে এলোপাতাড়ি যানবাহন দাঁড় করিয়ে কড়া ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকরা। সড়ক অবরোধের ফলে পুরো দিনাজপুর শহর কার্যত অচল হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অবরোধে অংশ নেওয়া আন্দোলনরত শ্রমিক আব্দুস সালাম বলেন, "শেখ বাদশাকে না ছাড়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ তুলব না। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
তবে অবরোধের এই সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলা পদক্ষেপকে সমর্থন করছেন না জেলা পরিবহন শ্রমিক নেতাদের একাংশ। জেলা পরিবহন শ্রমিকনেতা ও সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, "শেখ বাদশাকে ৫ আগস্টের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো শ্রমিক-সংশ্লিষ্ট বিষয় নয়। তাঁর আইনজীবীরা আদালতের মাধ্যমে জামিনের আবেদন করতে পারেন। কিন্তু এভাবে পুরো শহর অবরুদ্ধ করে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলা মোটেও যুক্তিযুক্ত নয়।"
বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.