দিনাজপুরে আদা চাষের আড়ালে গাঁজা চাষ! যুবক গ্রেপ্তার
আরমান হোসেনরাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৪ সেপ্টেম্বর,২০২৬
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙিনায় আদা খেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে আবু তালেব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়ি সংলগ্ন খেত থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বিশালাকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা-পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, শ্রী হরিবিহরি গ্রামের একটি বাড়িতে গোপনে গাঁজার চাষ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি পুলিশ দল রাতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবু তালেবের বসতবাড়ির উঠান সংলগ্ন আদা খেত তল্লাশি করে বিশালাকৃতির দুটি গাঁজার গাছ দেখতে পায় পুলিশ। পরবর্তীতে গাছ দুটি উপড়ে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত দুটি গাছের মধ্যে একটির ওজন প্রায় ১২ কেজি এবং অন্যটির ওজন প্রায় ৮ কেজি। গাছ দুটির উচ্চতা ছিল আনুমানিক ১২ ফুট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবু তালেব পুলিশকে জানান, তিনি গত ৬-৭ মাস ধরে নিজের সেবন এবং স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে আদা খেতের আড়ালে লোকচক্ষুর অন্তরালে গাছ দুটির পরিচর্যা করে আসছিলেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে অভিযুক্ত আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে আদা খেতের আড়ালে গাঁজা চাষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, "কৃষি ফসলের ছদ্মবেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিক পরিবেশের জন্য চরম হুমকি। ভবিষ্যতে কেউ যেন এজাতীয় অপকর্মে লিপ্ত হতে না পারে, সে জন্য কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.