দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১১ আগস্ট, ২০২৬
পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এর ফলে দূরপাল্লার কোচসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—অবিলম্বে শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবের মুক্তি, তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সিআইডি পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবীকে অপসারণ।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত রোববার দিনাজপুর কোতোয়ালি থানার ওসির কক্ষে মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে কথা বলার সময় সিআইডির পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুর ওই পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। শ্রমিকদের দাবি, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পরও মজিবুরকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক শ্রমিক নেতাকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা।
শ্রমিক নেতাকে মারধরের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, দিনাজপুর সরকারি কলেজ মোড়, মেডিকেল মোড়, বালুয়াডাঙ্গা মোড় ও কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেন সাধারণ পরিবহন শ্রমিকরা। এতে শহরজুড়ে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। বাসস্ট্যান্ডগুলোতে এসে গাড়ি না পেয়ে অনেক যাত্রীকে ভোগান্তি মাথায় নিয়ে ফিরে যেতে দেখা যায়।
চলমান এই আন্দোলনে অংশ নেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা এবং সাবেক সহ-সভাপতি এনামুল হকসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
ঘটনার বিষয়ে শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, "আইনভঙ্গের কারণে কোনো শ্রমিক নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু হেফাজতে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ আমরা মেনে নেব না। আমরা অবিলম্বে তার মুক্তি, নির্যাতনের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।"
সার্বিক বিষয়ে দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, "সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসব। তাদের যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করা হবে। আশা করছি আলোচনার মাধ্যমে দ্রুতই একটি সুন্দর সমাধান আসবে।"
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.