দালাল-সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এমডি জামাল, দালালমুক্ত হাসপাতাল গড়ার উদ্যোগ
স্টাফ রিপোর্টার: আরমান খান অপু
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতালে দালাল, সিন্ডিকেট ও মাদকসংশ্লিষ্ট তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন রোগী ও তাদের স্বজনরা। এসব অনিয়ম ও হয়রানি বন্ধ করে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছেন এমডি জামাল হোসেন।
তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক শেরেবাংলা নগর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
হাসপাতালের ভেতরে অবৈধভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং, দালালদের বিচরণ এবং রোগীদের জিম্মি করে বাণিজ্য করার অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জামাল হোসেন। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তার নেতৃত্বে একটি দল দিন-রাত কাজ করছে বলে জানা গেছে। এ কাজে হাসপাতালের আনসার সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।
এমডি জামাল হোসেন বলেন, “হাসপাতালে কোনো রোগী এলে তাকে কেন্দ্র করে কেউ যাতে বাণিজ্য করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। দালালমুক্ত, মাদকমুক্ত ও সিন্ডিকেটমুক্ত হাসপাতাল গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের দলের কোনো বদনাম হয়, এমন কাজ আমরা করতে চাই না। হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতায় সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
হুমকির অভিযোগ
হাসপাতালের ভেতরে অনুমোদন ছাড়া অবাধ চলাচল ও বিভিন্ন অনিয়মে বাধা দেওয়ায় একটি পক্ষ তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এমনকি তার ক্লাবের সামনেও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। হাসপাতালের ভেতরে একটি সংঘবদ্ধ চক্রের তৎপরতা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয়দের দাবি, হাসপাতালকে দালাল ও মাদকসংশ্লিষ্ট তৎপরতা থেকে মুক্ত করতে এমডি জামাল হোসেন কাজ করে যাচ্ছেন। বিভিন্ন চাপের মধ্যেও হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।
সচেতন মহলের মতে, শিশু রোগীদের নিরাপদ পরিবেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল থেকে দালালচক্র, অনিয়ম ও মাদকসংশ্লিষ্ট তৎপরতা বন্ধ করা জরুরি। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.