ছাত্রদলের রাজপথ থেকে সংসদে: নাদিয়া পাঠান পাপনের উত্থান*
এম বাদল খন্দকার
*বিশেষ প্রতিনিধি*।
বিজয়নগরের চান্দুরা গ্রামের এক ছাত্রদল কর্মী থেকে জাতীয় সংসদ সদস্য। দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি পেলেন নাদিয়া পাঠান পাপন। বিএনপির মনোনয়নে তিনি এখন ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২ এর সদস্য।
নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মেয়ে। তার পিতা মরহুম আনোয়ার হোসেন। মা সৈয়দা নাখলু আক্তার জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।
শিক্ষা জীবন শুরু স্থানীয় দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে। সেখান থেকে এসএসি পাসের পর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার ঐতিহ্যবাহী বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।অর্থনীতিতে অর্নাস এবং মাস্টার্স। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান ও গ্রন্হাগার ব্যবস্হাপনা বিষয়ে মাস্টার্স। বাংলাদেশ 'ল" কলেজ থেকে এল এল বি সম্পন্ন।
ছাত্রজীবনেই রাজনীতিতে প্রবেশ। ২০০ সালে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। বদরুন্নেসা কলেজে পড়াকালীন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, এবং সদস্য ঢাকা মহানগর দক্ষিন বি এন পি হিসেবেও কাজ করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথের প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন নাদিয়া। এ সময় তিনি পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এবং একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২০ এপ্রিল ২০২৬ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকায় নাদিয়া পাঠান পাপনের নাম ৩২ নম্বরে স্থান পায়। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় নাম আসার পর ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
মনোনয়ন পাওয়ার পর নাদিয়া পাঠান পাপন বলেন, "দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ছিলাম। দলের দুঃসময়ে ভূমিকার কারণেই মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছি।"
তার স্বামী মো. জাহাঙ্গীর হোসেন দেশ টেলিভিশনের নিউজ এডিটর হিসেবে কর্মরত।
নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, তার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে কাজ করা। নারীদের বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চান।
ছাত্রদলের কর্মী থেকে সংসদ সদস্য হওয়ার এই গল্প বিজয়নগরসহ ব্রাহ্মণবাড়িয়ার তরুণ রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.