ডোমারের ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা গ্রেপ্তার; ঝুলছিল ৩০টির বেশি মামলা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
১২ সেপ্টেম্বর,২০২৬
নীলফামারীর ডোমারে পুলিশি অভিযানে মাদকদ্রব্যসহ রুপা বেগম (৪৪) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত নারী ডোমারসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলার আসামি এবং স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজী পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডোমার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ছোট রাউতা কাজী পাড়া এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার বিকেলে মৃত মিজানুর রহমানের স্ত্রী রুপা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রুপা বেগমের বিরুদ্ধে ডোমার থানাসহ অন্যান্য থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৩০টিরও বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় তাঁর সাজাও হয়েছিল। বিভিন্ন সময়ে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাভোগ করেছেন। তবে আদালত থেকে জামিন বা মুক্তি পেয়ে তিনি পুনরায় এই অবৈধ মাদক ব্যবসার সাথে যুক্ত হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুপা বেগম দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং স্থানীয় তরুণ ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এর আগে বহুবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করলেও প্রতিবারই ছাড়া পেয়ে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন। ফলে স্থায়ী সমাধানের জন্য স্থানীয়রা কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, "রুপা বেগম এলাকার একজন তালিকাভুক্ত ও পরিচিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। শুক্রবারের অভিযানে মাদকসহ তাঁকে আটকের পর যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.