ঠাকুরগাঁওয়ে চা দোকানে বজ্রপাতে নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির মধ্যে চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক তীব্র বজ্রপাতে এক নারী চা দোকানদারসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিয়া গ্রামের বড়গাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— কুশারিয়া গ্রামের মহেশ চন্দ্রের স্ত্রী ও স্থানীয় চা দোকানদার শান্তি রানী এবং পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের বিহারু রামের ছেলে শ্রী সুইরাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে বসে শ্রী সুইরামসহ বেশ কয়েকজন চা পান করছিলেন। এ সময় হঠাৎ দোকানটির ওপর বিকট শব্দে সরাসরি বজ্রপাত হলে শান্তি রানী ও শ্রী সুইরামসহ চারজন গুরুতর আহত হন।
ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও শ্রী সুইরামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর দুজন হলেন— কুশারীগাঁও গ্রামের সালন চন্দ্র রায় এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রাম। উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, "বজ্রপাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.