ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের "সোলার প্যানেল"
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি ডিসি কার্যালয়ের ছাদে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সোলার প্যানেলের কার্যক্রম উদ্বোধন করেলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
রোববার (১৫ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলার ছাদে স্থাপিত এ সোলার প্যানেলের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সোলার প্যানেলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। স্থাপিত সোলার প্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেট মিটারিং ব্যবস্থার আওতায় ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে এ অর্থ পরিশোধ করা হবে।
এ কর্মসূচিতে নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
এ ছাড়া বিশেষ প্রণোদনা সুবিধা পেতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত।
সৌরবিদ্যুতের এ উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.