*জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে সকল আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে ইতিবাচকভাবে কাজ করবে সরকার- বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান*
*নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক বাংলার সংবাদ*
*০৪ অক্টোবর ২০২৬, শনিবার:*
বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত *‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’* এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।
*প্রধানমন্ত্রী যা বলেন:*
প্রধানমন্ত্রী বলেন, *"ভৌগোলিক অবস্থান বাংলাদেশসহ বঙ্গোপসাগরীয় দেশগুলোকে একত্রিত করেছে। জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক এ অঞ্চলের দেশগুলোকে আরও বহুদূর এগিয়ে নিতে পারে। বাংলাদেশ সংলাপ, অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করব। একই সঙ্গে আমরা আমাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাব।"* 3cbe
তিনি বলেন, বিপুল জনম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
*সম্মেলন সম্পর্কে:*
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে শতাধিক দেশের দুই শতাধিক বক্তা, তিন শতাধিক প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন।
সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্টজনরা অংশ নিচ্ছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.