‘গুলির আওয়াজ ছাড়াই মাদক দিয়ে পার্শ্ববর্তী দুই দেশ আমাদের মানুষকে হত্যা করছে’- এমপি রতন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে “মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ গজারিয়া গড়ি” স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, মাদক একটি নীরব ঘাতক। একসময় সীমান্তে গুলি করে আমাদের দেশের নারী-পুরুষকে হত্যা করা হতো। এখন গুলির আওয়াজ ছাড়াই পার্শ্ববর্তী দুই দেশ মাদক ছড়িয়ে দিয়ে আমাদের সমাজকে ধ্বংস করছে। নীরবে আমাদের মানুষকে হত্যা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। যেকোনো মূল্যে গজারিয়াকে মাদকমুক্ত করতে হবে।
তিনি ইউনিয়নভিত্তিক মাদক নির্মূলে রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মো. সিরাজুল ইসলাম পিন্টু, মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুরে আলম, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী।
আলোচনা সভা শেষে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদক ও জুয়ার বিস্তার রোধ করা সম্ভব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.