*গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি — বিজিবি বলছে গুলির কোন ঘটনা ঘটেনি*
*আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার:*
গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত ২টার দিকে তাদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের বেডে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত দুজন হলেন ইসমাইল হোসেন (৩৫) ও আব্দুল আলিম (৩৯)। ইসমাইলের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার বড়বালু গ্রামে এবং আব্দুল আলিমের বাড়ি একই থানার দেনোআলগা গ্রামে।
*আহতদের দাবি:* রোববার দুপুর ২টার দিকে তারা সীমান্ত লাগোয়া আইরমারী চরে গরু নিয়ে যাচ্ছিলেন ঘাস খাওয়ানোর জন্য। এসময় ভারতের সালাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহ করে গুলিবর্ষণ করে। তারা প্রাণভয়ে দৌঁড়ে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়া আইরমারীতে পড়ে যান। আহত অবস্থায় স্থানীয় দুই মাঝি তাদের উদ্ধার করে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
আহত আব্দুল আলিম বলেন, "আমাদেরকে বাংলাদেশি গরু চোরাকারবারি ভেবে গুলি করে। আমরা আহত অবস্থায় বাংলাদেশে ছুটে আসি। দুইজন মাঝি আমাদের উদ্ধার না করলে আমরা হয়তো মরে যেতাম। আমরা দেশে ফিরতে চাই।"
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এখন বিপদমুক্ত রয়েছেন।
তবে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক দাবি করে বলেন, কুড়িগ্রামের কোন সীমান্তেই গুলির ঘটনা ঘটেনি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.