বিপ্লব চৌধুরী : স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।
গাজীপুরের গাছা থানাধীন মোক্তার বাড়ি লাভ বিল্ডিংয়ের পাশে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছের চাষের পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক মাছ চাষীকে নগদ ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়।
জানা যায়, টঙ্গী রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার মোজাহারুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগে বলা হয়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের খাদ্য হিসেবে মরা মুরগি, ফেলে দেওয়া মুরগির চামড়া, লোম, ভুঁড়ি এবং মৃত পশু-পাখি ব্যবহার করা হচ্ছিল। এতে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে এবং এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে বসবাসের অনুপযোগী পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযান চলাকালে পুকুর থেকে বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছ তুলে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয়। এ সময় এক মাছ চাষীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্য কয়েকজন চাষী পালিয়ে যায় বলে জানা গেছে।
অভিযানে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা জরুরি। তারা ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.