গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
গাইবান্ধা সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণার অভিযোগে মোঃ আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেট সংলগ্ন রাইট ট্র্যাক অনলাইন দোকানের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন গাইবান্ধা সদর থানার থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের লিফলেট তৈরি করছিলেন। পাশাপাশি ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, বিভিন্ন আওয়ামী লীগ নেতার প্রচারণা এবং শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে লিফলেট তৈরির কাজেও তিনি জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া পলাতক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনকে পুনরায় সংগঠিত করার লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগও করেছে পুলিশ।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-২২ দায়ের করা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.