মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ জসিম উদ্দীন। একই সঙ্গে বিদায়ী পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের সম্মানে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার পেশাগত জীবনের বর্ণাঢ্য অবদান স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। তাঁর মানবিকতা, পেশাদারিত্ব ও দূরদর্শী নেতৃত্বের নানা দিক উঠে আসে তাদের বক্তব্যে।
সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জন্য গৌরবের। সর্বোচ্চ সততা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছি। কখনো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।তিনি জেলার মানুষের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং ভবিষ্যতে আরও উন্নত জেলায় উন্নীত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে বিদায়ী পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে তিনি বিদায়ী পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, থানা ইনচার্জসহ পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),
জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),
জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল),
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.