গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২৬ জুলাই, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে 'এসআর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন (৪২) ও তাঁর আট বছর বয়সী মেয়ে আয়েশা, রংপুর সদরের গণেশপুর এলাকার লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের আরাজী পলাশবাড়ী এলাকার রোস্তম আলী (৬৩) এবং ঝিনাইদহের শৈলকূপা এলাকার আনজুল ইসলাম সাগর (৪৭) ও আলমগীর (২১)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘টিএফ পরিবহন’-এর একটি বাস (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) চাপড়িগঞ্জ এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও পুলিশি তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.