গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধায় নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-সকাল ১০টায় পৌর পার্কের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক ও পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এরপর বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এনসিপি, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সোসাইটি, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, প্রধান ডাকঘর, গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম শাওন।
সভায় বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শেষে জেলার ৬টি শহীদ পরিবার ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান এবং তাদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.