গজারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে আটক রেখে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ, শারীরিক নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় গজারিয়া থানা-সংলগ্ন মহাসড়ক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, সোমবার (২৯ জুন) বিকেলে ভবেরচর স্ট্যান্ড এলাকা থেকে তাদের সহপাঠী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে একটি মাদক সিন্ডিকেটের সদস্যরা আটক করে।
প্রতিবাদী শিক্ষার্থীদের দাবি, হিমেলকে আটকে রেখে জোরপূর্বক মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গজারিয়া থানা-সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা মাদক সিন্ডিকেট ও এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.