খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২৮ জুলাই, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে রুটির প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামে এ অমানবিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুটি দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন চালায়। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারের স্বজনদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। স্বজনরা ঘটনাটি স্থানীয়দের জানালে দ্রুতই পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় শিশুটির বাবা উজ্জ্বল মিয়া বাদী হয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, "অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে শিশুটির ওপর এহেন পাশবিক ঘটনার খবরে এলাকা জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.