কুড়িগ্রামে ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় বার্ড ফ্লু ভ্যাকসিনসহ আটক ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্ড ফ্লু প্রতিরোধী ভ্যাকসিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত এসব ভ্যাকসিনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের প্রয়াত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
অভিযান প্রসঙ্গে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারিঝাড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে ককশিটের তৈরি ১১টি কার্টনের ভেতর থেকে ১৫৬ লিটার ভ্যাকসিন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসব ভ্যাকসিন মুরগির বার্ড ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে ব্যবহার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় এসব ভ্যাকসিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত পথ ব্যবহার করে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলো লালমনিরহাটে পাচার করার ছক কষেছিল চক্রটি।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন আরও জানান, দীর্ঘদিন ধরে গোপন নজরদারিতে রাখা হয়েছিল অভিযুক্তদের। গ্রেপ্তারকৃতরা নিয়মিত সীমান্তপথে অবৈধ পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আভাস মিলেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.