৬ জুন, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
নিহতরা হলেন— বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ এবং তার ছেলে দুলু মিয়া (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলে একটি রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি দ্রুতগতির মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ছেলে দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত বাবা সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। একজন কুড়িগ্রামে এবং অপরজন রংপুর নেওয়ার পথে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.