কুড়িগ্রামে কৃষকের বাড়ি থেকে ১৭ ফুট উঁচু গাঁজা গাছ উদ্ধার, ছেলে আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৭ আগস্ট, ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কৃষকের ছেলেকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর অভিযুক্ত কৃষক পালিয়ে গেছেন।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত কৃষক বাদশা মিয়ার (৫০) বাড়ি থেকে বিশাল আকৃতির গাছটি উদ্ধার করা হয়।
জানা গেছে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া তড়িঘড়ি করে গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এ সুযোগে বাদশা মিয়া কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে তার বাড়িতে থাকা ছেলে ফারুককে (২০) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা যত দুর্গম এলাকাতেই অবস্থান করুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যাপারে পুলিশ সম্পূর্ণ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.