উজিরপুরে ধানবোঝাই ট্রাক উল্টে পানিতবরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা-কান্দী সড়কে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিভর্তি জমিতে উল্টে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাতলা-কান্দী সড়কের মোল্লাবাড়ি (এছাহাক বাহাদুরের বাড়ি) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা প্রায় ২০০ মণ ধান পানিতে ডুবে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ধানের মালিক মো. বাচ্চু মুন্সী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সাতলা বাজার থেকে ১৪৩ বস্তা ধান ট্রাকে তুলে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি সাতলা-কান্দী সড়কের মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে ঢালাই কাজের জন্য রাখা একটি সিমেন্ট মিক্সার ও নির্মাণসামগ্রীর কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়ে। এ সময় চালক হঠাৎ ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিভর্তি জমিতে উল্টে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার ফলে ট্রাকে থাকা প্রায় ২০০ মণ ধান পানিতে ভিজে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধানের মান সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ট্রাকচালক মো. ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় ট্রাকে চালক ও হেলপারসহ মোট সাতজন আরোহী ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত না হলেও ট্রাকটি উল্টে যাওয়ায় ধান ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহায়তায় উল্টে যাওয়া ট্রাক ও পানিতে ভিজতে থাকা ধান উদ্ধারের কাজ চলছিল।
এ ঘটনায় এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে চলমান নির্মাণকাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে না রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।বরিশাল উজিরপুরের প্রতিনিধি মিল্লাত হাওলাদার হাওলাদার
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.