*ইউনিয়ন পরিষদ নির্বাচন জানুয়ারিতে, তফসিল নভেম্বরে — সরকারের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নিচ্ছে ইসি*
*নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক বাংলার সংবাদ*
*৩ অক্টোবর ২০২৬:*
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরে প্রথম ধাপের ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পরে পিছু হটতে হয়েছে ইসিকে। এখন সরকারের সঙ্গে সমন্বয় করে ফের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জানুয়ারিতে ভোট শুরু করার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে নভেম্বরে তফসিল হবে।
*ইসি যা জানালো:*
ইসির প্রাথমিক পরিকল্পনায় সম্ভাব্য সময় ছিল- প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে। কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারের তরফে পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে ভোট না করার পরামর্শ আসে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষা, বিভিন্ন পাবলিক পরীক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার মধ্যে নভেম্বর-ডিসেম্বরে ইউপি নির্বাচনের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, *"জানুয়ারিতে ভোট শুরুর চিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে ৪০-৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। নভেম্বরে হতে পারে তফসিল।"*
সরকারের চাপে ইউপি নির্বাচন পিছিয়ে গেল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটেই না। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে লাখ লাখ শিক্ষার্থীর পড়ালেখার যাতে বিঘ্ন না হয়, সেটা বিবেচনায় নিচ্ছে ইসি। রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা- এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়।
*সূত্র: নির্বাচন কমিশন*
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.