অমলিন স্মৃতির প্রাঙ্গণ: ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে নিবেদিত।
কলমে - তাকওয়া রহমান
বিদায়ের বিষন্ন বেলা ঝরে স্মৃতির শিউলি,
নীরবতার নীড়ে আজ কাঁদে কত অমলিন বুলি।
অস্তরাগে রাঙা পথে থমকে থাকে পায়ের ছায়া,
বিরহের বীণায় বাজে অনুচ্চারিত মায়া।
যে প্রাঙ্গণে স্বপ্নেরা মেলেছিল প্রথম ডানা,
আজ সেথায় কুয়াশা-ঢাকা স্মৃতির মৃদু আনাগোনা।
সময়ের স্রোত নিষ্ঠুর, তবু স্মৃতি অবিনশ্বর,
দূরত্ব শুধু বাড়ায় পথ- মুছে না হৃদয়-অক্ষর।
বিদায় তো অন্তিম নয়, নতুন ভোরের অভিসার,
শেষ পৃষ্ঠার নীরবতায় জন্ম নেয় অনন্ত অধ্যায়ের।
আজকের এই ক্ষণটি যেন সময়ের বুকে থমকে থাকা এক বিষন্ন প্রহর,
হাসির আড়ালে জমে আছে কত অশ্রু, কত স্মৃতির সমাহার।
আজ বলতে এসেছি, অথচ কন্ঠে কেমন নীরবতা,
হয়তো বিদায়ের মুহূর্তে শব্দও হারিয়ে ফেলে তার ভাষা।
যে প্রাঙ্গণে এসেছিলাম এক অচেনা পথের পথিক হয়ে,
আজ সেই প্রাঙ্গণ ছাড়ছি কত স্মৃতি হৃদয়ের মণিকোঠায় নিয়ে।
এই শ্রেণিকক্ষ, এই বেঞ্চ, এই চেনা করিডোরের ধারে, আমাদের শৈশব-কৈশোরের কত গল্প আজও যেন ঘুমিয়ে আছে তার ভাঁজে।
কত সকাল কেটেছে ঘন্টাধ্বনির মায়াবী আহ্বানে,
কত বিকেল হারিয়ে গেছে বন্ধুত্বের নির্ভেজাল গানে।
আমাদের শিক্ষকবৃন্দ শিখিয়েছেন অন্ধকারে পথ খুঁজতে,
শিখিয়েছেন ব্যর্থতার ভস্ম থেকে আবারো স্বপ্ন বুনতে।
হয়তো কোন এক বর্ষণমুখর বিকেলে,
জানালায় বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে পড়বে এ বিদ্যালয়।
হয়তো কোন এক শীতস্নাত সকালে,
কুয়াশার ভেতরে হাঁটতে হাঁটতে মনে পড়বে সেই প্রিয় মুখগুলো।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.